ফকির আতিয়ার রহমান (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ৯ মে ২০২৬ দুপুর ০২:০৫:৪০
রামপালে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সভা
বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শেখ হাফিজুর রহমান তুহিনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (৯ মে) সকাল সাড়ে ১১টার দিকে রামপাল সদর এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। এসময় নেতাকর্মীরা “ষড়যন্ত্রকারীদের কালো হাত গুঁড়িয়ে দাও”, “মিথ্যা অপপ্রচার বন্ধ করো”সহ বিভিন্ন স্লোগান দেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শেখ হাফিজুর রহমান তুহিন একজন সৎ, যোগ্য ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে একটি মহল পরিকল্পিতভাবে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে।
বক্তারা আরও বলেন, দলের একজন ত্যাগী নেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ মানববন্ধন ও অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
একইসঙ্গে অপপ্রচারকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান নেতৃবৃন্দ।
এসময় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।