ইউসুফ হোসাইন, লালপুর, নাটোর প্রতিনিধি
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬ সকাল ১১:২৯:২৫
লালপুরে বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মর্মান্তিক মৃত্যু
নাটোরের লালপুর উপজেলায় বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল্লাহ (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মোহরকয়া হাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ ওই এলাকার আল আমিনের একমাত্র সন্তান। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবার সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় বাড়িতে ব্যাটারিচালিত রিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন বাবা আল আমিন। এ সময় তিনি চিৎকার দিলে ঘর থেকে দৌড়ে আসে শিশু আব্দুল্লাহ। বাবার অবস্থা দেখে তাকে জড়িয়ে ধরতেই সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে শিশুটির মা দ্রুত মেইন সুইচ বন্ধ করলেও ততক্ষণে সব শেষ হয়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় আব্দুল্লাহ। তবে প্রাণে বেঁচে যান বাবা আল আমিন।
প্রত্যক্ষদর্শীরা জানান, একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন মা-বাবা। মা বারবার মূর্ছা যাচ্ছেন, আর বাবা আল আমিন শোকাহত কণ্ঠে বলছেন—তিনি মারা গেলে ছেলেটি বেঁচে থাকলে শান্তি পেতেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে আব্দুল্লাহর দাফন সম্পন্ন করা হয়েছে। এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।