মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার থেকে
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৫৫:২৫
মৌলভীবাজারে পাইপগান ও কার্তুজ উদ্ধার: কুখ্যাত ডাকাত সর্দার রুবেলসহ গ্রেফতার ৩
মৌলভীবাজার সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ আরও দুই ডাকাতকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। এ নিয়ে একই ঘটনায় এখন পর্যন্ত ব্যবহৃত দুটি আগ্নেয়াস্ত্র (পাইপগান), ২১ রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে এবং মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল ২০২৬ খ্রি. দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার বাউরবাগ এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয় জনতা তাদের সন্দেহজনক অবস্থানে দেখে ধাওয়া করলে ডাকাতদল এক রাউন্ড গুলি ছোড়ে। এতে ডাকাত দলের সদস্য শামসুর রহমান আতিক (৩০) গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে পড়ে যায় এবং অপর সদস্যরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও ২১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
ঘটনার পর পলাতক ডাকাতদের গ্রেফতার এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারের লক্ষ্যে মৌলভীবাজার সদর মডেল থানার একটি বিশেষ টিম তদন্ত শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় ১৬ এপ্রিল ২০২৬ খ্রি. সিলেটের সিলামসহ হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত সর্দার রুবেল মিয়া (৪০) ও আশরাফ হোসেন আশরাফুল ওরফে আশাই (২৯)-কে গ্রেফতার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটে মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের উত্তর বাড়ন্তি এলাকার একটি কলাবাগান থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরি বিশেষ ধরনের একটি পাইপগান এবং এর ব্যারেলের ভেতরে থাকা একটি খালি কার্তুজ উদ্ধার করা হয়।
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরের নেতৃত্বে এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এসআই ও এএসআইসহ পুলিশের একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, একই ঘটনায় এখন পর্যন্ত দুইটি আগ্নেয়াস্ত্র (পাইপগান), ২১ রাউন্ড গুলি এবং একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য পলাতক ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।