মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৭:০৬
মৌলভীবাজারে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন
“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে উদ্বোধন করা হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৬। সোমবার (২৭ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের আয়োজনে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এম সাইফুর রহমান অডিটোরিয়াম প্রাঙ্গণে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরীনের সভাপতিত্বে এবং সাবেক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের টেকসই উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তির কোনো বিকল্প নেই। বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বিজ্ঞানভিত্তিক জ্ঞান ও দক্ষতা অর্জন জরুরি। তিনি তরুণ প্রজন্মকে উদ্ভাবনী চিন্তা, গবেষণা ও প্রযুক্তিনির্ভর কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান এবং মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুলসী রানী সরকার।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিজ্ঞান মেলা উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. মাসুম। আলোচক হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জগলুল হায়দার ইকবাল।
তিন দিনব্যাপী এই মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তারা মাটির আর্দ্রতা পরিমাপ ও আধুনিক সেচব্যবস্থা, জ্বালানি সংকট নিরসনে বিকল্প ব্যবস্থা, বর্জ্য থেকে শক্তি উৎপাদন এবং দূষণ নিয়ন্ত্রণসহ নানা উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তুলবে এবং উদ্ভাবনী চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।