রাকিবুল ইসলাম, লক্ষ্মীপুর
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬ বিকাল ০৫:৪৩:২১
মিয়ানমার কোস্টগার্ডের হাতে ১৬ বাংলাদেশি জেলে আটক: স্বজনদের আর্তনাদ
গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে লক্ষ্মীপুরের ৯ জনসহ ১৬ জন বাংলাদেশি জেলে নিখোঁজ হয়েছেন। তাঁদের স্বজনদের দাবি, কক্সবাজারের উখিয়া সংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার জলসীমা থেকে মিয়ানমার কোস্টগার্ড তাঁদের আটক করে নিয়ে গেছে। ঘটনার এক সপ্তাহ পার হলেও এখন পর্যন্ত তাঁদের কোনো হদিস না মেলায় পরিবারগুলোতে চলছে শোকের মাতম।
জানা যায়, গত ২২ মার্চ ‘মা-বাবার দোয়া’ নামের একটি ট্রলার নিয়ে ১৬ জন জেলে মেঘনা নদী হয়ে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে রওনা হন। নিখোঁজদের মধ্যে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের ৯ জন, নোয়াখালীর ৩ জন, চট্টগ্রামের ৩ জন এবং ভোলার ১ জন রয়েছেন।
স্বজনরা জানান, গত ২৮ মার্চ জেলেদের সঙ্গে তাঁদের শেষবার মোবাইল ফোনে কথা হয়। তখন জেলেরা জানান, তাঁরা মিয়ানমার কোস্টগার্ডের হাতে আটক হয়েছেন এবং সেখানে খাদ্য সংকট ও অমানবিক পরিস্থিতির মধ্যে রয়েছেন। এরপর থেকে তাঁদের ব্যবহৃত সব মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
মঙ্গলবার সকালে রামগতির চরপোড়াগাছা জেলে পল্লীতে গিয়ে দেখা যায় হৃদয়বিদারক দৃশ্য। নিখোঁজ জেলেদের অপেক্ষায় নদীর তীরে বসে আছেন তাঁদের বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও সন্তানরা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নিখোঁজ হওয়ায় অনেক পরিবারে চুলা জ্বলছে না। প্রিয়জনদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগে দিন কাটছে স্বজনদের।
ট্রলার মালিক পক্ষ জানায়, নিখোঁজ জেলেদের উদ্ধারে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিষয়টি কক্সবাজার জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিতভাবে জানানো হয়েছে। দ্রুত জেলেদের ফিরিয়ে আনতে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
স্থানীয় সমাজকর্মী মো. রাসেল বলেন, “জেলেদের দ্রুত ফিরিয়ে আনতে প্রশাসনিক ও কূটনৈতিক তৎপরতা জোরদার করা জরুরি।”
লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা বলেন, “বিষয়টি সম্পর্কে আমরা অবগত। নিখোঁজ জেলেদের উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং সরকারের উচ্চপর্যায়েও যোগাযোগ করা হচ্ছে।”
নিখোঁজ ১৬ জেলের ভাগ্যে কী ঘটেছে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। তবে প্রিয়জনদের সুস্থভাবে ফিরে পাওয়ার আশায় দিন গুনছেন উপকূলের অসহায় পরিবারগুলো।