ফকির আতিয়ার রহমান, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৬ বিকাল ০৪:১৫:০৪
রামপালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত
“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন”— এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের রামপালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে রামপাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় স্টেশনের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন। শোভাযাত্রায় “গতি, সেবা, ত্যাগ” এই তিন মূলমন্ত্র তুলে ধরে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসী। এছাড়া উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আবু জাফর সিদ্দিক। শোভাযাত্রায় প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন লিডার মোল্যা মো. মনিরুজ্জামান।
আয়োজকরা জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য হলো জনসচেতনতা বৃদ্ধি করা। অগ্নিকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য দুর্ঘটনায় জানমাল রক্ষায় ফায়ার সার্ভিসের ভূমিকা এবং করণীয় সম্পর্কে জনগণকে সচেতন করতেই এ আয়োজন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা বলেন, দুর্ঘটনা ঘটার পর প্রতিক্রিয়া দেখানোর চেয়ে আগেই সচেতন হওয়া জরুরি। এ কারণে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তারা।
শোভাযাত্রাটি স্টেশন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্টেশনে এসে শেষ হয়।