মেহেদী হাসান (অন্তর), নওগাঁ জেলা প্রতিনিধি
প্রকাশ : ২১ মার্চ ২০২৬ রাত ০১:১০:৫১
নওগাঁয় খাল থেকে অবৈধ বালু উত্তোলন, ব্রিজ ও কাঁচা রাস্তা হুমকির মুখে
নওগাঁ সদর উপজেলার হাসায়গাড়ি ইউনিয়নের উত্তর পাড়া এলাকায় একটি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, ঈদের ছুটিতে সরকারি অফিস বন্ধ থাকার সুযোগে একটি চক্র ব্রিজসংলগ্ন এলাকা থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের মো. গফুরের ছেলে রাসেল হোসেনের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। দিন-রাত উভয় সময়েই বালু উত্তোলন চলতে দেখা গেছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।
তাদের দাবি, খালের পাশ থেকে নির্বিচারে বালু তোলার ফলে মাটির স্বাভাবিক গঠন নষ্ট হয়ে যাচ্ছে। এতে খালের ওপর নির্মিত ব্রিজটি মারাত্মক ঝুঁকিতে পড়েছে। পাশাপাশি সংযোগকারী কাঁচা রাস্তাটিও ভেঙে খালে ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
স্থানীয় বাসিন্দা মুজিবর রহমান বলেন, “বারবার নিষেধ করার পরও তারা থামছে না। প্রভাবশালীদের ছত্রছায়ায় আরও বেপরোয়া হয়ে উঠেছে।” একই অভিযোগ করেন অ্যাডভোকেট ইমন হোসেন। তিনি বলেন, “এভাবে বালু উত্তোলন চলতে থাকলে অচিরেই ব্রিজ ও রাস্তা ধসে পড়বে, এতে চরম দুর্ভোগে পড়বে এলাকাবাসী।”
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। তাদের দাবি, দ্রুত পদক্ষেপ না নিলে বড় ধরনের ক্ষয়ক্ষতি অনিবার্য হয়ে উঠবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদিন বলেন, “ঈদের ছুটির কারণে অফিস বন্ধ থাকলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতোমধ্যে পুলিশ পাঠিয়ে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হবে এবং ঝুঁকির মুখে থাকা ব্রিজ ও রাস্তাটি রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া হবে। অন্যথায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।