নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ মার্চ ২০২৬ বিকাল ০৪:৪০:০৫
ঈদের নামাজ আদায় করে সংঘর্ষে লিপ্ত দুই গ্রামবাসী
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঈদের নামাজ শেষে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ১৫ থেকে ২০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে জানা গেছে।
২১ মার্চ শনিবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টাব্যাপী দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে সংঘর্ষ চলতে থাকে।
দুই পক্ষ ঢাল, সড়কি, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোপীনাথপুর গ্রামের ইসমাইল মুন্সি ও চুন্নু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১২ জন আহত হন। সেই ঘটনার রেশ ধরে ঈদের নামাজ শেষে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঈদের নামাজ শেষে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।