নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩ মার্চ ২০২৬ সকাল ০৯:৩২:০০
পৌর বাজারে মোবাইল কোর্ট: মাংস বিক্রেতাকে জরিমানা ও ভেজাল দুধ বিনষ্ট
ময়মনসিংহের হালুয়াঘাট পৌর বাজারে এক বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাত। বাজার মনিটরিং ও ভোক্তা অধিকার রক্ষায় এই অভিযান পরিচালিত হয়।
সোমবার (২ মার্চ) বিকেলে অভিযান চলাকালে মূল্য তালিকা প্রদর্শন না করায় একজন মাংস ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী আর্থিক দণ্ড প্রদান করা হয় এবং বাজারের 'দুধ মহল' এলাকায় বিক্রির জন্য আনা গরুর দুধের মান পরীক্ষা করা হয়। এ সময় একজন বিক্রেতার কাছে ভেজাল দুধ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ৫ লিটার দুধ বিনষ্ট করা হয় এবং সংশ্লিষ্ট বিক্রেতাকে কঠোরভাবে সতর্ক করা হয়।
উল্লেখ্য যে, পৌরবাজারের দুধ মহলে গরুর দুধের মান পরীক্ষা করার জন্য প্রয়োজনীয় সব উপকরণ ও ব্যবস্থা রয়েছে। যেকোনো সচেতন ক্রেতা দুধ কেনার আগে বা পরে সেখান থেকে দুধের মান যাচাই করে নিতে পারবেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।