মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার থেকে
প্রকাশ : ২০ মার্চ ২০২৬ রাত ০৬:০৩:২১
ঈদের খুশি ভাগাভাগি, সুবিধাবঞ্চিতদের পাশে এমপি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। তিনি তার নির্বাচনী এলাকার ছিন্নমূল ও পথশিশুদের নিয়ে নিজ বাসভবনে দুইদিনব্যাপী মেহেদী উৎসবের আয়োজন করেছেন।
শুক্রবার (২০ মার্চ) সকালে কমলগঞ্জ উপজেলার খুশালপুর গ্রামে তার নিজ বাড়িতে এ আনন্দঘন অনুষ্ঠানের সূচনা হয়। প্রথম দিনে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ এলাকা থেকে প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে তার বাড়িতে নিয়ে আসা হয়।
অনুষ্ঠানের শুরুতে এমপি নিজ হাতে শিশুদের নতুন কাপড় পরিয়ে দেন। পরে তার সহধর্মিণী, পুত্রবধূ, কন্যা, মৌলভীবাজার জেলা প্রশাসকের সহধর্মিণী, উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিণীসহ পরিবারের নারী সদস্যরা শিশুদের হাতে মেহেদী পরিয়ে দেন।
এরপর শিশুদের নিয়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরতে নেওয়া হয়। পাশাপাশি প্রত্যেকের জন্য খাবারের প্যাকেট বিতরণ করা হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়ালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, হাজী মুজিবুর রহমান সংসদ সদস্য হওয়ার আগ থেকেই বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। ছিন্নমূল শিশুদের নিয়ে এমন আয়োজন নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী ও উদার মানসিকতার পরিচয় বহন করে।
সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, “আমার এলাকায় ‘সুবিধাবঞ্চিত’ বা ‘পথশিশু’ শব্দগুলো আমি মুছে দিতে চাই। তাদের জীবনমান উন্নয়নে কাজ করে যাবো এবং প্রতিটি শিশুকে বিদ্যালয়মুখী করাই আমার লক্ষ্য।”
তিনি আরও বলেন, এ আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয়, বরং ভালোবাসা, সহমর্মিতা ও আনন্দ ভাগাভাগির এক উজ্জ্বল দৃষ্টান্ত।