মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার:
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬ বিকাল ০৪:২২:৪০
মুন্সীবাজারে ব্যবসায়ী নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারে ব্যবসায়ী নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহরিয়ার চৌধুরী লিটনের ওপর সন্ত্রাসী ছোট মনি কর্তৃক হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সকাল ১১টায় মুন্সীবাজার এলাকায় আয়োজিত মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী হিমেলের সভাপতিত্বে এবং সদস্য মো. ইলিয়াছ আলীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য দুরুদ আহমেদ, ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার, সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান চৌধুরী, ব্যবসায়ী নিজাম উদ্দিন, মঈন উদ্দিন আহমেদ, শহীদ আহমেদ তালুকদার, নজরুল ইসলাম ও সত্যেন্দ্র কুমার পাল নান্টুসহ অনেকে।
বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মাওলানা মাসহুদ আহমেদ, ব্যবসায়ী রুমেল আহমদ তরফদারসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।