কালকিনি, মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ৯ জুন ২০২৬ দুপুর ০২:০৬:১৫
কালকিনিতে আগুনে পুড়লো গবাদিপশুসহ বসতবাড়ি, গবাদিপশু বাঁচাতে পথচারী দগ্ধ
মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বসতবাড়ি সহ ৩টি ঘর ও ১টি গাভী পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় গবাদিপশু আগুনের থেকে বাঁচতে গিয়ে একজন পথচারী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আহত ব্যক্তিকে উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার বেগতিক দেখে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রেজাউল হাওলাদারের বসতবাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, মূল্যবান সামগ্রী এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়। পরে কালকিনি ফায়ার সার্ভিস ইউনিটের একটি দল এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় ৩টি গবাদি পশু দগ্ধ হয় এবং একটি ঘটনাস্থলাই পুড়ে মারা যায়। এতে করে প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হয়। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ অবস্থায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারটি দিশেহারা।
আগুন নিয়ন্ত্রণে আশা ফায়ার সার্ভিস ইউনিটের লিডার মহিউদ্দিন আহমেদ বলেন, ট্রিপল নাইনের সংবদে আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ঘটনাটি তদন্ত করে আগুনের সূত্রপাত সহ ক্ষতির পরিমাণ জানানো হবে।
এ ঘটনায় এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।