জসিম উদ্দিন, চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৪২:২৫
চাঁদপুরে ডাকাতিয়ায় মসজিদের ইমাম নিখোঁজ
চাঁদপুর শহরের উত্তর গুনরাজদী এলাকায় আল-আমিন এতিমখানা কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক ও মসজিদের ইমাম মুফতী মো. শামছুদ্দিন (৩৪) ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে এতিমখানা সংলগ্ন নদীতে গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হন। নিখোঁজ শামছুদ্দিন জেলার শাহরাস্তি উপজেলার ওয়ারুক আলীপুর গ্রামের দোয়া বাড়ির মৃত ইমাম হোসেন মজুমদারের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আল-আমিন এতিমখানা কমপ্লেক্সের পরিচালনা পর্ষদের সভাপতি মাওলানা আব্দুর রহমান গাজী।
এতিমখানার বাবুর্চি মো. ইলিয়াছ জানান, জোহরের নামাজ শেষে ইমাম শামছুদ্দিন নদীতে গোসল করতে যান। আছরের আগ মুহূর্তে তিনি ফিরে না আসায় নদীর পাড়ে গিয়ে দেখা যায় তাঁর জুতা, সাবান, লুঙ্গি, গামছা ও গেঞ্জি পড়ে আছে। পরে এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। বিষয়টি তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানানো হয়।
মাওলানা আব্দুর রহমান গাজী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চাঁদপুর নৌ স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে এসে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়, তবে এখনো তাঁর কোনো সন্ধান মেলেনি। এদিকে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
চাঁদপুর নৌ ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম জানান, বিকেল ৫টা ৪০ মিনিট থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ডুবুরি দল উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে। আগামীকাল রোববার সকাল থেকে পুনরায় অভিযান শুরু করা হবে।
নিখোঁজের ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।