সোলায়মান হাসান, নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৬ মে ২০২৬ বিকাল ০৩:৫৭:০২
সোনারগাঁওয়ে ব্র্যাকের উদ্যোগে খামারীদের মাঝে উপকরণ বিতরণ
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নে প্রান্তিক গরুর খামারীদের সহায়তায় উপকরণ বিতরণ করেছে BRAC। যুব কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমের আওতায় আয়োজিত এ উদ্যোগে ২০ জন খামারীর প্রত্যেককে একটি করে সিলিং ফ্যান, গরুর মশারি, ১ কেজি সবুজ ঘাসের বীজ এবং গরুর কৃমিনাশক ট্যাবলেট বিনামূল্যে প্রদান করা হয়।
বুধবার সকাল ১১টায় সোনারগাঁও উপজেলার নোয়াগাঁ ইউনিয়নের চরনোয়াগাঁ এলাকায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক নারায়ণগঞ্জ-৩ অঞ্চলের প্রগতি কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক জিন্নাহ আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহজমপুর এলাকার এলাকা ব্যবস্থাপক আলমগীর আলী খান, মহজমপুর শাখা অফিসের সিনিয়র শাখা ব্যবস্থাপক ফারুক মিয়া এবং সোনারগাঁও উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা তোবারক হোসেন।
বক্তারা বলেন, খামারীদের উৎপাদন ব্যয় কমানো এবং গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে গরম মৌসুমে সিলিং ফ্যান ও মশারি গরুর স্বাস্থ্যের জন্য সহায়ক হবে এবং সবুজ ঘাসের বীজ পশুখাদ্যের ঘাটতি পূরণে কার্যকর ভূমিকা রাখবে।
এ সময় ব্র্যাকের কর্মকর্তারা জানান, ভবিষ্যতে খামারীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে তারা আধুনিক পদ্ধতিতে খামার পরিচালনা করে আরও লাভবান হতে পারেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাকের ইডিইউ প্রোগ্রামের জুবায়ের আহমেদ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী খামারীরা উপস্থিত ছিলেন।
উপকারভোগীরা জানান, ব্র্যাকের এই উদ্যোগ তাদের খামার পরিচালনায় নতুন গতি আনবে এবং ভবিষ্যতে আরও সহায়তার প্রত্যাশা করেন।