মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬ রাত ০৯:১৯:১৩
কমলগঞ্জে বাগজুর খাল খনন কর্মসূচির উদ্বোধন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার এলাকায় বাগজুর খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনকালে তিনি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় খাল খননের গুরুত্ব অপরিসীম। এ ধরনের উদ্যোগ স্থানীয় কৃষকদের জন্য আশীর্বাদস্বরূপ এবং এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, সরকার দেশের প্রতিটি অঞ্চলে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে, যাতে কৃষকরা সহজে সেচ সুবিধা পান এবং বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন স্বাভাবিক থাকে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
খাল খনন কার্যক্রম সম্পন্ন হলে এলাকার জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।