ফকির আতিয়ার রহমান, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৬ রাত ১০:২৮:৪৯
রামপালকে শিশুশ্রম, বাল্যবিবাহ ও স্কুল ড্রপআউটমুক্ত করতে মতবিনিময় সভা
সোমবার রামপাল থানা অডিটোরিয়ামে এ সভার আয়োজন করে রামপাল থানা, উপজেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
সভায় রামপাল থানার পুলিশ সদস্য, বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতৃবৃন্দ এবং রামপাল উপজেলা যুব ও শিশু ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম। সভাপতিত্ব করেন রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রাজীব আল রশিদ।
মতবিনিময় সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন রামপাল এপিসিও’র সিনিয়র ম্যানেজার ফুলি সরকার। তিনি শিশুশ্রম, বাল্যবিবাহ ও স্কুল ড্রপআউটের বর্তমান পরিস্থিতি এবং প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
আয়োজকরা জানান, শিশুদের অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে রামপালকে একটি নিরাপদ ও শিশুবান্ধব উপজেলায় পরিণত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
সভায় বক্তারা বলেন, শিশুশ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী, ধর্মীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও যুব সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ বিষয়ে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানটি বাস্তবায়নে সহযোগিতা করে রামপাল এপি ও রামপাল এপিসিও, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।