নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩ মার্চ ২০২৬ রাত ১০:৩৮:৫৭
সোনারগাঁয়ে পুনর্বাসন ছাড়াই উচ্ছেদের আল্টিমেটাম এমপির
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে জনদুর্ভোগ কমাতে সোনারগাঁয়ে অবৈধ দখল উচ্ছেদে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তবে হকারদের পুনর্বাসনের বিষয়ে কোনো ঘোষণা না থাকায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় সরেজমিন পরিদর্শনে গিয়ে এমপি মান্নান ফুটপাত ও সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা বাসস্ট্যান্ড, কাঁচাবাজার ও বিভিন্ন স্থাপনা দেখতে পান। এসব দখলের কারণে দীর্ঘদিন ধরে যানজট ও জনভোগান্তি সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
পরিদর্শন শেষে তিনি বলেন, “আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। জনগণের দুর্ভোগ কমানোই আমার অগ্রাধিকার। ঈদকে সামনে রেখে মানুষের চলাচলে যেন কোনো ভোগান্তি না হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি জানান, উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং থানা পুলিশের সমন্বয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এমপি মান্নান আরও বলেন, অসাধু চক্রের মাধ্যমে হকারদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। এসব বিষয়ে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সওজের নির্বাহী প্রকৌশলী আব্দুর রাহিম, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এদিকে হকারদের একাংশ অভিযোগ করেছেন, বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া হঠাৎ উচ্ছেদ কার্যক্রম তাদের জীবিকার ওপর বিরূপ প্রভাব ফেলবে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।