নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৯ মার্চ ২০২৬ বিকাল ০৫:৪৭:২২
আড়াইহাজারে র্যাবের অভিযানে কলাবাগান থেকে ২ পাইপগান ও গুলি উদ্ধার
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অভিযান চালিয়ে দুটি পাইপগান, এক রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-১১।
সোমবার (৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বালিয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১১ সূত্রে জানা যায়, রাত্রীকালীন টহল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল বালিয়াপাড়া গ্রামের একটি কলাবাগানে অভিযান চালায়। এ সময় স্থানীয় বাসিন্দা আব্দুল হামিদের বাড়ির উত্তর পাশে একটি সন্দেহজনক লম্বা আকৃতির ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করে এর ভেতর থেকে দুটি পাইপগান, এক রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জাম জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১১ আরও জানায়, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।