দাউদকান্দি প্রতিনিধি:
প্রকাশ : ৭ মার্চ ২০২৬ রাত ০৮:৫৬:০৫
শহীদ জিয়া সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছেন: ড. খন্দকার মারুফ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করে ইসলাম ধর্মকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। পবিত্র ইসলাম ধর্ম এবং আলেম-ওলামাদের প্রতি বিএনপি সবসময় শ্রদ্ধাশীল।
শনিবার দাউদকান্দি উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের নলচক ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসায় পবিত্র মাহে রমজানের ১৭তম দিনে কোরআনের হাফেজদের সঙ্গে ইফতার পূর্ব আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. খন্দকার মারুফ বলেন, বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে তখন ইসলাম ধর্ম ও আলেম-ওলামা নিরাপদ থাকে এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করা যায়।
তিনি বলেন, দাউদকান্দির নন্দিত নেতা, নবনির্বাচিত সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন একজন ইসলামপ্রিয় মানুষ। তিনি মন্ত্রী ও সংসদ সদস্য থাকাকালে এলাকায় বহু স্কুল-কলেজ, মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। মসজিদ-মাদ্রাসার উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এসব দ্বীনি প্রতিষ্ঠানের অবশিষ্ট কাজ সম্পন্ন করবেন বলে আশা প্রকাশ করেন।
কোরআনের হাফেজদের উদ্দেশ্যে ড. খন্দকার মারুফ বলেন, “আপনারা জাতির গর্ব ও সুসন্তান। কোরআনের আলো ছড়িয়ে দিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।”
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূইয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে বিকেলে ড. খন্দকার মারুফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দাউদকান্দি উপজেলার গোয়ালমারী-মোল্লাকান্দি সড়কের মেরামত কাজের উদ্বোধন করেন।