মো. আলমগীর হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২ জুন ২০২৬ রাত ০৬:০৭:০০
নবীনগরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, দুইজনের অবস্থা আশঙ্কাজনক
মঙ্গলবার (২ জুন) সকালে উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিশু মিয়া ও হোসেন মিয়ার অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
স্থানীয়রা জানান, সোমবার রাতে পূর্ববিরোধের জেরে স্থানীয় বাছির মেম্বারের বাড়িতে এক পক্ষের হামলার ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল ১০টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ সময় বাজারের কয়েকটি দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।
হোসেন গ্রুপের সমর্থক আহমেদ হোসেন অভিযোগ করে বলেন, “বাজারে আমাদের লোকজনের ওপর শিশু মিয়া গ্রুপের সশস্ত্র লোকজন অতর্কিত হামলা চালায়। আমরা প্রতিরোধের চেষ্টা করলে তারা বাজারের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট করে।”
তবে অভিযোগের বিষয়ে শিশু মিয়া গ্রুপের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। ঘটনার পর পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
পুলিশ জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।