মো. সজল আলী, মানিকগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬ রাত ০৬:৫৮:৫৭
কালিগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে চাচাতো ভাই-বোনের মৃত্যু
মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে গোসল করতে নেমে চাচাতো ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ মার্চ) দুপুরে সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বালিরটেক বাজার সংলগ্ন পুরাতন ট্রলার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের আকাশ মিয়া (২০), পিতা আজহার মিয়া ও মাতা মৃলাইলী বেগম এবং একই উপজেলার বড়ইচড়া গ্রামের সাদিয়া আক্তার (১৯), পিতা মৃত শুক্কুর আলী ও মাতা ইয়ানুর বেগম। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, দুপুরে গোসল করতে নেমে হঠাৎ পানিতে ডুবে যান তারা। পরে আশপাশের লোকজন দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে প্রায় আধা ঘণ্টা পর আকাশ মিয়াকে এবং কিছু সময় পর সাদিয়া আক্তারকে পানির নিচ থেকে উদ্ধার করেন।
গুরুতর অবস্থায় তাদের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, প্রথমে একজনকে উদ্ধার করা হলেও অপরজন নিখোঁজ ছিলেন। পরে তাকেও উদ্ধার করা হলে দুজনকেই মৃত অবস্থায় পাওয়া যায়।