অজিত কুমার দাশ, ছাতক উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬ রাত ০৬:৫০:২০
ছাতকে তানযীমুস সুন্নাহ দারুল কিরাতের পুরস্কার বিতরণী ও বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন
ছাতকে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট কর্তৃক অনুমোদিত মাদরাসা-ই তানযীমুস সুন্নাহ বাদেশ্বরী-তারাপুর শাখার পুরস্কার বিতরণী ও বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বাদ যোহর প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুল কিরাতের সহকারী নাযিম ও মাদরাসা-ই তানযীমুস সুন্নাহর প্রিন্সিপাল হাফেজ মাওলানা সুফিয়ান আহমদ চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দারুল কিরাতের অফিস সহকারী রজব আহমেদ রাজিব।
অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন শাখা কেন্দ্রের নাযিম, বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা ছিদ্দিকুর রহমান চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শাখা কেন্দ্রের প্রধানকারী, ট্রাস্টের কেন্দ্র পরিদর্শক ও ছাতক উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কাজী রেজাউল করিম রেজা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য ও শিক্ষানুরাগী এহসানুল হক এহসান। এছাড়া বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব প্রবাসী সেলিম আহমদ ও হুসেন আহমদ, অজুদ মিয়া, বাদেশ্বরী জামে মসজিদের ক্যাশিয়ার করম আলী, মুরুব্বি মিরাশ আলী, সমাজসেবক কাওসার আহমদ, শাখা কেন্দ্রের সহ-প্রধানকারী ক্বারী মাওলানা গিয়াস উদ্দিন, সহকারী শিক্ষক ক্বারী মুহিবুর রহমান, ক্বারী মাশহুদুর রহমান লক্ষী, ক্বারীয়া সাকিরুন বেগম, ক্বারী রেজাউল হক, ক্বারীয়া হাফেজা তানিয়া বেগম, ক্বারীয়া হালেমা বেগম, ক্বারীয়া হাফেজা আমেনা বেগম ও ক্বারীয়া আঞ্জুমান বেগম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন রাবে পরীক্ষার ফলপ্রার্থী তাকসিন আহমদ আবির। নাতে রাসুল (সা.) পরিবেশন করেন খামিছ জামাতের ফলপ্রার্থী সাদিয়া বেগম। শানে আউলিয়া পরিবেশন করেন সহকারী শিক্ষক রেজাউল হক। বিদায়ী সঙ্গীত পরিবেশন করেন জুলফা বেগম এবং শিক্ষকদের সম্মানে শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন সুলতানা আফরিন।
অনুষ্ঠানে কিরাত, তাজবীদ ও গজল বিষয়ে প্রতিযোগিতা এবং পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন জামাতের শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।