নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৪ মার্চ ২০২৬ রাত ০৮:০৪:৪০
গঙ্গাচড়ায় জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) বিকেলে উপজেলা মাল্টিপারপাস হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য ও দলীয় নেতাকর্মীরা অংশ নেন।
উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামানের সভাপতিত্বে এবং সেক্রেটারি সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পবিত্র রমজান মাস আত্মসংযম, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের অনন্য সময়। এ মাস মানুষকে ন্যায়-নীতি, সততা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে। সমাজে ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ পরিবেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে দলীয় বিভাজন ভুলে রংপুর-১ আসনের সার্বিক উন্নয়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণ জরুরি। উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও নৈতিক নেতৃত্বের বিকল্প নেই। এ ধরনের ইফতার ও দোয়া মাহফিল সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য দেন রংপুর জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির অধ্যক্ষ আব্দুল গনি, উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ শফিকুল আলম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বেলাল আবেদীন, বিএনপির জেলা সদস্য ওহিদুজ্জামান মাবু এবং এনসিপি নেতা রিফাত চৌধুরীসহ অন্যান্যরা।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।