বগুড়ার শিবগঞ্জে দুর্ঘটনা, সামান্য আহত প্রতিমন্ত্রী; হাসপাতালে বৃদ্ধা
রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৬:০৮
বধির বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ি
বগুড়ার শিবগঞ্জে বধির এক বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ি। এতে প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন। আহত হয়েছেন ওই বৃদ্ধাও।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক পার হওয়ার সময় বধির বৃদ্ধা ফিরোজাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এ সময় গাড়িতে প্রতিমন্ত্রীর সহধর্মিণীও ছিলেন।
দুর্ঘটনার পর প্রতিমন্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি নিজ বাড়িতে ফিরে যান। তিনি ঢাকা থেকে সরকারি সফরে তাঁর সংসদীয় নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনে যাচ্ছিলেন।
অন্যদিকে, দুর্ঘটনায় আহত বৃদ্ধা ফিরোজাকে চিকিৎসার জন্য টিএমএসএস হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান।