রুহুল আমিন কিবরিয়া, বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬ রাত ১০:২৬:৪৭
যমুনা সেতুর চাপ কমাতে বগুড়ায় নতুন সেতুর প্রস্তাব সংসদে
যমুনা নদীর ওপর বিদ্যমান যমুনা সেতু-এর চাপ কমাতে বিকল্প দ্বিতীয় সেতু নির্মাণের পরিকল্পনা করছে সেতু মন্ত্রণালয়। এ প্রেক্ষিতে বগুড়ায় দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের প্রস্তাব জাতীয় সংসদে উত্থাপন করেছেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ কাজী রফিকুল ইসলাম। গত রোববার জাতীয় সংসদ-এর অধিবেশনে তিনি এ দাবি তুলে ধরেন।
এর আগে বগুড়ার সামগ্রিক উন্নয়ন নিয়েও একাধিক পরিকল্পনা সংসদে উপস্থাপন করেন তিনি। সর্বশেষ বক্তব্যে তিনি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেন, এ অঞ্চলের মানুষের অন্যতম প্রধান সমস্যা নদীভাঙন।
তিনি বলেন, নদীভাঙনের কবল থেকে মানুষকে রক্ষা করতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। পাশাপাশি চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে অবকাঠামোগত উন্নয়ন জরুরি। এসব এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান, যোগাযোগ ব্যবস্থা এবং নিরাপত্তা কাঠামোর ঘাটতি রয়েছে।
সংসদ সদস্য আরও জানান, চরাঞ্চলে একটি পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপন, কৃষিপণ্য সংরক্ষণের জন্য শস্য হিমাগার নির্মাণ, সোনাতলা ও সারিয়াকান্দি সড়ক প্রশস্তকরণ এবং সোনাতলা ও মোকামতলায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
তিনি বলেন, উত্তরবঙ্গের মানুষ যাতায়াতের জন্য মূলত যমুনা সেতুর ওপর নির্ভরশীল। বিশেষ করে ঈদের সময় কোনো দুর্ঘটনা ঘটলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, ফলে লাখো মানুষ চরম দুর্ভোগে পড়েন। এ অবস্থায় বগুড়ার সারিয়াকান্দি হয়ে মাদারগঞ্জ নৌরুটে দ্বিতীয় সেতু নির্মাণ করা হলে বগুড়া থেকে ঢাকার দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার কমে আসবে।
এ বিষয়ে সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনি বলেন, সংসদ সদস্য আলহাজ কাজী রফিকুল ইসলাম সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার উন্নয়নে বিভিন্ন প্রস্তাব দিয়েছেন, যা স্থানীয়দের মাঝে ইতিবাচক প্রত্যাশা তৈরি করেছে।
তিনি আরও বলেন, বগুড়ায় দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ বাস্তবায়িত হলে বৃহত্তর ময়মনসিংহ বিভাগের সঙ্গে রাজশাহী ও রংপুর বিভাগের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। এতে কৃষিপণ্য পরিবহন সহজ হবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, সড়ক দূরত্ব কমবে এবং সময় ও খরচ উভয়ই সাশ্রয় হবে। পাশাপাশি যমুনা সেতুর ওপর চাপ কমে যানজট নিরসনে সহায়ক ভূমিকা রাখবে।