রুহুল আমিন কিবরিয়া, বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:১১:০৮
শেরপুরে দেয়াল ভেঙে ৬টি গরু চুরি, দিশেহারা কৃষক
বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের কহিতকুল গ্রামে সংঘবদ্ধ চোরচক্রের তৎপরতায় এক কৃষকের গোয়ালঘর থেকে ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষক আব্দুল ওয়াহাব জানান, তিনি দীর্ঘদিন ধরে গরু পালন করে জীবিকা নির্বাহ করে আসছেন। প্রতিদিনের মতো রোববার রাতেও গরুগুলো গোয়ালঘরে রেখে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। গভীর রাতে চোরেরা পরিকল্পিতভাবে গোয়ালঘরের দেয়াল ভেঙে ও তালা কেটে ভেতরে প্রবেশ করে ৬টি গরু নিয়ে যায়।
চুরি হওয়া গরুর মধ্যে দুটি গাভী কয়েকদিনের মধ্যেই বাচ্চা দেওয়ার উপযোগী ছিল—এ তথ্য জানিয়ে তিনি বলেন, “সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরের দেয়াল ভাঙা ও গরু না দেখে আমরা হতবাক হয়ে যাই। এক রাতেই সব শেষ হয়ে গেল।”
তিনি আরও জানান, চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ৮ থেকে ৯ লাখ টাকা। গাভীগুলো বাচ্চা দেওয়ার উপযোগী হওয়ায় ক্ষতির পরিমাণ আরও বেশি। এ ঘটনায় তিনি চরম আর্থিক সংকটে পড়েছেন।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় খামারি ও কৃষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা রাতের নিরাপত্তা জোরদার এবং চোরচক্র শনাক্তে প্রশাসনের কার্যকর উদ্যোগ দাবি করেছেন।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং গুরুত্বসহকারে তদন্ত শুরু হয়েছে। চুরি হওয়া গরু উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং জড়িতদের শনাক্তে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।