নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৬ বিকাল ০৫:২৬:২৪
পরবর্তী সব বিসিএস পরীক্ষায় ১০০ নম্বরের ভাইভা বহাল থাকবে
বিসিএস পরীক্ষার মৌখিক (ভাইভা) পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে এবং ৫০তম বিসিএসসহ পরবর্তী সব বিসিএস পরীক্ষায় এ ব্যবস্থা বহাল থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
রোববার (২১ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সভাপতিত্ব করেন।
প্রতিমন্ত্রী বলেন, বিসিএসের মৌখিক পরীক্ষা আরও স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ১১ ডিসেম্বর জারিকৃত এসআরও নং-৪১২-আইন/২০২৪ অনুযায়ী ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’-এর বিধি ১৮-এর উপবিধি (১)-এর সারণির ক্রমিক নম্বর (৭)-এর বিপরীতে উল্লিখিত মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে।
তিনি জানান, বর্তমানে ৪৭তম বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। এছাড়া ৪৮তম ও ৪৯তম বিশেষ বিসিএসেও ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে।
লিখিত উত্তরে প্রতিমন্ত্রী আরও বলেন, ২০২৫ সালের ২৭ মে প্রকাশিত সংশোধিত ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’-এর ২২ক বিশেষ বিধান অনুযায়ী ৪৮তম ও ৪৯তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষার নম্বর ১০০ নির্ধারণ করা হয়েছিল।
তিনি বলেন, ৫০তম বিসিএসসহ পরবর্তী সব বিসিএস পরীক্ষায় ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। ফলে বিসিএস নিয়োগ প্রক্রিয়ায় ভাইভার নম্বর ১০০-ই বহাল থাকবে।