ফকির আতিয়ার রহমান, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৬ রাত ১১:১০:৫১
পুলিশের জালে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্র, গ্রেপ্তার ৬
বুধবার (১০ জুন) মোংলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইনের নেতৃত্বে এসআই (নিঃ) মো. ইমামুল ইসলাম, এসআই মো. সোলায়মান আক্কাস, এএসআই এম. তারিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স মোংলা ও রামপাল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন রামপালের গৌরম্ভা এলাকার মো. রনি হাওলাদার (২০), দিগরাজ এলাকার মো. সজিব আহমেদ জয় (২৫), মোংলার দিগরাজ ব্যাংক রোড এলাকার মো. সাজেদুল ইসলাম (২০), বুড়িরডাঙ্গা এলাকার মো. নাজমুল শেখ (২৭), রামপালের রনসেন এলাকার মেহেদী হাসান (২৪) এবং ফকিরহাট উপজেলার কাঠালতলা এলাকার তানভীর হোসেন শাওন (৩৪)।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মেহেদী হাসানের বাড়িতে অভিযান চালিয়ে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোংলা বন্দরের ওয়ান ব্যাংক সংলগ্ন এলাকা থেকে তানভীর হোসেন শাওনের হেফাজতে থাকা আরও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। অভিযানের বিভিন্ন পর্যায়ে মোট চারটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে মোংলা, রামপালসহ আশপাশের এলাকায় বিক্রি ও পাচার করে আসছিল। জিজ্ঞাসাবাদে চক্রটির আরও কয়েকজন সদস্য ও তাদের কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
মোটরসাইকেল চোর চক্রের সদস্যদের গ্রেপ্তার এবং চোরাই মোটরসাইকেল উদ্ধারের ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে সন্তোষ দেখা গেছে। স্থানীয়রা পুলিশের এ অভিযানকে সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় মোটরসাইকেল চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছিল। পুলিশের এমন ধারাবাহিক অভিযান অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, “মোটরসাইকেল চুরি প্রতিরোধ এবং চোর চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে মোংলা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা চোর চক্রের সদস্য। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার এবং চোরাই মোটরসাইকেল উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, “সাধারণ মানুষের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে মোংলা থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। কোনো অপরাধীই আইনের হাত থেকে রেহাই পাবে না।”
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে আদালতে সোপর্দ করা হবে। পাশাপাশি আন্তঃজেলা এই চোর চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।