নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৮ মার্চ ২০২৬ বিকাল ০৪:৪৯:৪৫
সোনারগাঁয়ে নিত্যপণ্যের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২ হাজার টাকা
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা-এ পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
রোববার দুপুর দেড়টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার কাঁচপুর বাজার এলাকায় কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনীম-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দুটি প্রতিষ্ঠানকে বিক্রয় তালিকা সংরক্ষণ না করার দায়ে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রমজান মাসকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানোর চেষ্টা করে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনীম জানান, রমজান উপলক্ষে বাজারগুলোতে মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে এবং প্রতিদিনই অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, সোনারগাঁয়ে তুলনামূলকভাবে বাজার পরিস্থিতি ভালো রয়েছে। কেউ যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্য বৃদ্ধি বা অবৈধ মজুত করতে না পারে, সেজন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় অভিযানে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের পেশকার বায়োজিদ এবং সোনারগাঁ থানা পুলিশ-এর এসআই পারভেজসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।