মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬ রাত ০৬:১৬:৫০
কমলগঞ্জে ‘ফুঁ’ দিয়ে নারীর কাছ থেকে টাকা ছিনতাই, জনতার হাতে আটক যুবক
রোববার (২৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, শমশেরনগর সোনালী ব্যাংক শাখা থেকে জরিনা বেগম নামে এক নারী ২৯ হাজার ৯০০ টাকা উত্তোলন করে বের হওয়ার পর প্রতারণার শিকার হন।
ভুক্তভোগীর অভিযোগ, ব্যাংক থেকে বের হওয়ার পরপরই দুইজন অপরিচিত ব্যক্তি তার কাছে এসে নিজেদের ‘বড় পীরের খাদেম’ পরিচয়ে সালাম দেয়। তারা বিভিন্ন কৌশলে কথা বলে একপর্যায়ে ‘ফুঁ’ দিয়ে অলৌকিক ক্ষমতার কথা বলে তার কাছ থেকে টাকা নিয়ে নেয়।
বিষয়টি বুঝতে পেরে জরিনা বেগম চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তি হাবিব মিয়া (৩০)। তিনি কমলগঞ্জ সদর ইউনিয়নের রাসটিলা এলাকার মৃত আছকির মিয়ার ছেলে বলে জানা গেছে। তবে তার সঙ্গে থাকা অপর সহযোগী টাকা নিয়ে পালিয়ে যায়।
আটকের পর জনতা তাকে শমশেরনগর পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে।
এ বিষয়ে ফাঁড়ির এসআই মাসুদ পারভেজ বলেন, “ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”