মোঃ রনি শেখ, টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) থেকে:
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬ বিকাল ০৪:০৫:২৮
টঙ্গীবাড়ীতে ৪০ দিন জামায়াতে পাঁচ ওয়াক্ত নামাজ, পুরস্কৃত ৩০০ কিশোর
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা-তে টানা ৪০ দিন জামায়াতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ৩০০ কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। তরুণ প্রজন্মকে নামাজমুখী করা ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে এ ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়। এতে অংশগ্রহণকারী কিশোরদের মাঝে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উচ্ছ্বাস।
উপজেলার সোনারং-টঙ্গীবাড়ী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে এবং পশ্চিম সোনারং প্রবাসী কল্যাণ সংস্থার সার্বিক সহযোগিতায় বুধবার (১৮ মার্চ) বাদ যোহর সোনারং পুরাতন জামে মসজিদ-এ নামাজি কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, নির্ধারিত ৪০ দিন নিয়মিতভাবে মসজিদে উপস্থিত থেকে জামায়াতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা কিশোরদের তালিকা প্রস্তুত করা হয়। পরবর্তীতে তাদের উৎসাহিত করতে ৩০০ জনের সবাইকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে ১৪ জন কিশোরকে বাইসাইকেল এবং বাকিদের ডিনার সেটসহ বিভিন্ন উপহার প্রদান করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলি আজগর রিপন মল্লিক, মসজিদ কমিটির সভাপতি জাহাঙ্গীর পোদ্দার-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম, অভিভাবক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
উপস্থিত বক্তারা এ ধরনের উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে উল্লেখ করে ভবিষ্যতেও এ কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান। স্থানীয়দের মতে, এ উদ্যোগ কিশোরদের মধ্যে ধর্মীয় অনুশাসন, শৃঙ্খলা ও নৈতিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।