নওগাঁ জেলা প্রতিনিধি
প্রকাশ : ৬ অক্টোবর ২০২৬ রাত ০৭:৩০:০৮
নওগাঁ-জয়পুরহাট সীমান্তে নারী-পুরুষসহ ৭ জনকে পুশইনের চেষ্টা
নওগাঁর সাপাহার ও জয়পুরহাট সদর সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বিজিবির তৎপরতায় পুশইনের চেষ্টা ঠেকিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে সাতজন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে নওগাঁর সাপাহার উপজেলার সোনাডাঙা এবং জয়পুরহাট সদর উপজেলার কড়িয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবিব জানান, মঙ্গলবার সকালে বিএসএফ সদস্যরা সাপাহারের সোনাডাঙা সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেন। খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের ভারতীয় অংশের শূন্যরেখার অভ্যন্তরে শনাক্ত করে। জানা যায়, চারজন একই পরিবারের সদস্য।
এছাড়া জয়পুরহাট সদর উপজেলার কড়িয়া সীমান্ত এলাকায় আরও তিনজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। বিজিবির তৎপরতায় তাদেরও বাংলাদেশে প্রবেশ ঠেকানো হয়।
বিজিবি অধিনায়ক বলেন, বর্তমানে এই সাতজন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। তাদের বাংলাদেশে পুশইন ঠেকাতে সীমান্ত এলাকায় বিজিবির কড়া নজরদারি ও সতর্ক অবস্থান রয়েছে। একই সঙ্গে তাদের পুশ ব্যাক করাতে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে।
তিনি আরও বলেন, অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।