চাঁদপুর প্রতিনিধি:
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬ রাত ০৬:১৬:২৭
চাঁদপুরে হাসপাতালে পৌঁছানোর আগেই লঞ্চে কন্যা সন্তানের জন্ম
প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে চাঁদপুর লঞ্চঘাট এলাকায় একটি যাত্রীবাহী লঞ্চে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি। মঙ্গলবার দুপুরে এমভি হাশেমপুর লঞ্চে এ ঘটনা ঘটে।
চাঁদপুর সদর নৌ-পুলিশের ইনচার্জ মো. ইকবাল হোসেন জানান, লঞ্চে প্রসূতির সন্তান প্রসবের খবর পেয়ে দ্রুত নৌ-পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মা ও নবজাতককে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠান। এ সময় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও সহযোগিতা করেন।
প্রসূতির স্বামী আল আমিন প্রধানীয়া জানান, মতলবের জহিরাবাদ চর উমেদ এলাকা থেকে স্ত্রীকে নিয়ে চাঁদপুর জেনারেল হাসপাতালে যাওয়ার পথে হঠাৎ প্রসব ব্যথা শুরু হয়। পরিস্থিতির অবনতি হলে লঞ্চেই কন্যা সন্তানের জন্ম হয়।
চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান বলেন, “নবজাতক ও প্রসূতিকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। নবজাতক সুস্থ আছে, তবে মায়ের অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে।”
এদিকে মানবিক দৃষ্টান্ত স্থাপন করে লঞ্চ মালিক ওই দম্পতিকে তাৎক্ষণিক ৫ হাজার টাকা ও নবজাতকের জন্য নতুন পোশাক উপহার দেন। পাশাপাশি ভবিষ্যতে এ লঞ্চে নবজাতকের যাতায়াত ভাড়া আজীবনের জন্য ফ্রি ঘোষণা করা হয়েছে।