শামীম আহমেদ জয়, মতলব প্রতিনিধি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ সকাল ১১:২২:৩৬
মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১০
মতলব উত্তরে পুলিশ পরিচালিত বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, গ্রেফতারী পরোয়ানাভুক্ত ও চুরির মামলার সন্দেহভাজন আসামিসহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) দিনগত রাতে থানা এলাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসানের যৌথ তত্ত্বাবধানে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে আটককৃতদের মধ্যে ৮ জন চিহ্নিত মাদক ব্যবসায়ী, ১ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী এবং ১ জন চুরি মামলার সন্দেহভাজন আসামী রয়েছে।
শনিবার (২২ আগস্ট) গ্রেফতারকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, মতলব উত্তর উপজেলাকে মাদকমুক্ত রাখতে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।