মোঃ শাহপরান, কসবা, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ সকাল ১০:৩২:৩১
আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২
কসবা আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনের কাছে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির একটি বগির বেশ কয়েকটি আসন পুড়ে গেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে রেল কর্তৃপক্ষ।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাতে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনটির শান্টিংয়ের কাজ চলছিল। এ সময় দায়িত্বে থাকা গেটকিপার স্বাধীন আহমেদ ট্রেনের ভেতরে আগুন দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি রেলওয়ে কন্ট্রোল অফিস ও আখাউড়া ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে বগিটির বেশ কয়েকটি আসন পুড়ে যায়।
আখাউড়া রেলওয়ে স্টেশনের স্টেশন সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী জানান, ক্ষতিগ্রস্ত বগিটি রেখে ট্রেনটি প্রায় এক ঘণ্টা বিলম্বে আখাউড়া স্টেশন ছেড়ে যায়।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে শান্টিংয়ের সময় দুর্বৃত্তরা ট্রেনটিতে আগুন দেয়। খবর পেয়ে জিআরপি ও আরএনবি সদস্যরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেন।
আটক ব্যক্তিদের পরিচয় ও আগুন দেওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।