মোঃ সজল আলী, মানিকগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ : ১১ মার্চ ২০২৬ রাত ০৭:০৩:৫৩
হঠাৎ সিংগাইর উপজেলা পরিষদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী
কোনো ধরনের প্রটোকল বা পূর্বঘোষণা ছাড়াই মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদ কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে যান জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। বুধবার (১১ মার্চ) সকাল ৯টার দিকে তিনি এ পরিদর্শন করেন।
জানা যায়, সরকারি নির্দেশনা অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিতি নিশ্চিত করতে তিনি এই আকস্মিক পরিদর্শনে যান। উপজেলা পরিষদ কমপ্লেক্সে পৌঁছে মন্ত্রী তার গাড়ির পতাকা কাপড় দিয়ে ঢেকে সরাসরি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন নাহারের কক্ষে প্রবেশ করেন। সেখানে তিনি নিজের পরিচয় দিয়ে ইউএনও’র পাশের চেয়ারে বসেন এবং তার মাধ্যমে পরিষদের সকল কর্মকর্তাদের সালাম পৌঁছে দেন। পরে কর্মকর্তারা তার সঙ্গে কুশল বিনিময় করেন।
পরিদর্শনকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলীকে অনুপস্থিত পাওয়া যায়। এ সময় প্রতিমন্ত্রী তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে অনুপস্থিতির কারণ জানতে চান এবং যথাসময়ে অফিসে উপস্থিত থাকার নির্দেশনা দেন।
হঠাৎ প্রতিমন্ত্রীর আগমনে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কিছুটা চমক দেখা গেলেও কাকতালীয়ভাবে উপজেলা পরিষদ কমপ্লেক্সের প্রায় সব দপ্তরেই কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি পাওয়া যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তখন নিজ নিজ কার্যালয়ে দায়িত্ব পালন করছিলেন।
পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। এ সময় তিনি সরকারি দপ্তরে সময়ানুবর্তিতা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন নাহার বলেন, প্রতিমন্ত্রী কোনো ধরনের প্রটোকল ছাড়াই সরাসরি তার কক্ষে প্রবেশ করেন। পরে উপস্থিত কর্মকর্তাদের নিয়ে এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন সম্ভাবনা এবং সরকারের বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন।