নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬ রাত ০৭:১৩:০৭
জ্বালানি তেলের দাম নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
জ্বালানির তেলের দাম না বাড়ানোর আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
বুধবার (১৫ এপ্রিল) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত আলোচনায় তিনি এ তথ্য জানান।
প্রফেসর ড. রাশেদ বলেন, বিএনপি সরকার সবসময় সংকটকে শক্তিতে রূপান্তর করেছে এবং তা জনগণের ওপর চাপ সৃষ্টি করে নয়। এছাড়া অর্থনীতির বহুমাত্রার সংকট কাটাতে কেতাবি পদ্ধতি নয় বরং সমন্বয়ের বাজেটের আভাস দেন উপদেষ্টা।
তিনি আরও বলেন, সরকারের ১২ দিনের মাথায় ভঙ্গুর অর্থনীতির সঙ্গে যোগ হয় মধ্যপ্রাচ্য সংকট। জ্বালানির উচ্চমূল্য নিয়ে উদ্বেগ ছড়ায় ঘর থেকে কলকারখানায়। তাতেও কর্মসংস্থানের মাইলফলকে পৌঁছাতে বা ফ্যামিলি কার্ডের যাত্রা শুরু লক্ষ্য থেকে পিছিয়ে আসেনি সরকার। ভর্তুকি কমিয়ে জ্বালানি মূল্য সমন্বয়ে নানা চাপ থাকলেও কৃষিতে সেচ, কলকারখানা চালু ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সে পথে হাঁটার চিন্তা নেই।
ডিসিসিআই ‘ব্যাংকিং খাতের সমন্বয় : ঋণদাতা ও ঋণগ্রহিতার দৃষ্টিভঙ্গি’ শীর্ষক আলোচনায় শিল্প পরিকল্পনায় খেলাপিদের কবলে থাকা ব্যাংকখাতের প্রভাব তুলে ধরেন সংগঠনটির সভাপতি।
একইসঙ্গে আসন্ন বাজেটে সিএসএমই উদ্যোক্তাদের জন্য সামঞ্জস্যপূর্ণ সুযোগ সৃষ্টির আহ্বান জানান আলোচকরা।
আলোচনায় ব্যাংক খাতে খেলাপি দৌরাত্ব কমানো, রিস্ক বেইজড সুপারভিশন চালু, বন্ডবাজার শক্তিশালী করা ও অন্তর্ভূক্তিমূলক অর্থনীতির পরিকল্পনায় জোর দেন আলোচকরা।