নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২ মার্চ ২০২৬ বিকাল ০৪:২৭:০৭
সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরীর পদত্যাগ
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক–এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী পদত্যাগ করেছেন।
সোমবার (২ মার্চ) সকালে তিনি পদত্যাগপত্র জমা দেন বলে ব্যাংক সূত্রে জানা গেছে।
মোহাম্মদ মুসলিম চৌধুরী গণমাধ্যমকে বলেন, ব্যক্তিগত কারণেই তিনি পদত্যাগ করেছেন।
তবে ব্যাংকের প্রধান কার্যালয়ের দুজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সাম্প্রতিক সময়ে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের ওপর প্রশাসনিক সিদ্ধান্ত ও বদলি-সংক্রান্ত বিষয়ে বিভিন্ন মহল থেকে চাপ ছিল। বিশেষ করে ঢাকাসহ গুরুত্বপূর্ণ কয়েকটি শাখায় নির্দিষ্ট ব্যক্তিদের পদায়ন নিয়ে চাপ বাড়ছিল বলে তাঁদের দাবি। এ প্রেক্ষাপটে চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত হয়ে থাকতে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা ধারণা করছেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ২৮ আগস্ট মোহাম্মদ মুসলিম চৌধুরীকে ব্যাংকটির পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
ব্যাংক খাতে যোগদানের আগে তিনি দেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ছিলেন তিনি।
১৯৮৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারে যোগ দেন মোহাম্মদ মুসলিম চৌধুরী। দীর্ঘ প্রশাসনিক কর্মজীবনে তিনি কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টস, কন্ট্রোলার জেনারেল অব ডিফেন্স ফাইন্যান্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এ ছাড়া অর্থ বিভাগের উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসেবেও কাজ করেছেন।