নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬ দুপুর ০২:১৯:৩৬
জ্বালানী সংকটে নববর্ষের দিনেও পেট্রোল পাম্পে গ্রাহকদের দীর্ঘ লাইন
দেশে এক মাসেরও বেশি সময় ধরে চলছে জ্বালানী সংকট। নববর্ষের দিনে ও রাজধানীজুড়ে দেখা গেছে পেট্রোল পাম্প গুলোতে গ্রাহকদের দীর্ঘ লাইন।
বিমানবন্দর এলাকার ডি এল ফিলিং স্টেশনসহ বিভিন্ন পাম্পে সকাল থেকেই তেল নিতে ভিড় করছেন চালকরা। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও অনেকেই ফিরছেন খালি হাতে। কোথাও কোথাও তেল নেই সাইনবোর্ড ঝুলিয়ে রাখায় ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের।
রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকেই তেল নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মোটরসাইকেল, প্রাইভেটকার ও গণপরিবহন চালকদের।
ফিলিং স্টেশনগুলোতে ৬ থেকে ৭ ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তেল না পেয়ে ফিরে যাওয়ায় ক্ষুভ প্রকাশ করছে চালকরা।এদিকে পাম্পগুলোর সামনে দীর্ঘ লাইন সড়কে ছড়িয়ে পড়ায় আশেপাশের এলাকায় তৈরি হচ্ছে তীব্র যানজট।
তেল সংকটে ব্যক্তিগত যানবাহন বন্ধ রেখে অনেকেই গণপরিবহনে চলাচল করছেন, এতে বাসস্ট্যান্ডগুলোতে বাড়ছে যাত্রীর চাপ। সব মিলিয়ে নববর্ষের দিনে ও জ্বালানি সংকটে ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী।