নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬ রাত ০৬:৫২:০৯
জ্ঞানভিত্তিক রূপান্তরে গুরুত্ব দিয়ে বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত
জ্ঞানভিত্তিক রূপান্তরকে কেন্দ্র করে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৬-এর ৮ম আয়োজন। বাংলাদেশ রিটেইল ফোরাম ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে আয়োজিত এ কংগ্রেসে এবারের প্রতিপাদ্য ছিল— “ট্রান্সফর্মিং রিটেইল থ্রু নলেজ”।
স্বপ্নের পরিবেশনায়, সিঙ্গার ও বাটার সঞ্চালনায় এবং কনকা ও গ্রি (ইলেক্ট্রো মার্ট লিমিটেড) এর সহযোগিতায় আয়োজিত দিনব্যাপী এই সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় রিটেইলার, ব্র্যান্ড নেতৃত্ব, সাপ্লাই চেইন বিশেষজ্ঞ, বিপণন পেশাজীবী ও বিভিন্ন খাতের সিদ্ধান্তগ্রহণকারীরা অংশ নেন।
কংগ্রেসে ৩টি কি-নোট সেশন, ৩টি প্যানেল আলোচনা এবং ২টি ইনসাইট সেশন অনুষ্ঠিত হয়। আলোচনায় উঠে আসে বাংলাদেশের রিটেইল খাতের পরিবর্তনশীল বাস্তবতা, যেখানে ডাটা-নির্ভর কৌশল, গ্রাহক আচরণ বিশ্লেষণ, অপারেশনাল দক্ষতা এবং প্রযুক্তির ব্যবহার ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার ও এক্সিকিউটিভ এডিটর সাজিদ মাহবুব বলেন, “বর্তমান সময়ে রিটেইল খাতকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে জ্ঞানকে কার্যকর কাজে রূপান্তরের সক্ষমতা। পরিবর্তিত গ্রাহক চাহিদা বোঝা এবং দ্রুত অভিযোজনই ভবিষ্যতের নেতৃত্ব নির্ধারণ করবে।” তিনি আরও বলেন, “রিটেইল খাত যত বিস্তৃত ও জটিল হচ্ছে, ততই তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা বাড়ছে।”
কি-নোট সেশনে বক্তব্য রাখেন আশরাফ বিন তাজ, ম্যানেজিং ডিরেক্টর, ইন্টারন্যাশনাল ডিসট্রিবিউশন কোম্পানি বাংলাদেশ পিএলসি; শাদমান সাদিকিন, হেড অব কাস্টমার বিজনেস ডেভেলপমেন্ট (সিবিডি), ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড; এবং সামি আশরাফ, সিইও, ওমনি স্ট্র্যাটেজি। তারা ডিস্ট্রিবিউশন দক্ষতা, উদ্দেশ্যনির্ভর ব্যবসায়িক কৌশল এবং প্রযুক্তিনির্ভর রিটেইল ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অন্যান্য আলোচনায় রিটেইল খাতের ভবিষ্যৎ প্রবণতা, ব্যবসায়িক উদ্দেশ্য ও মুনাফার ভারসাম্য, তৈরি পোশাক খাতের ভ্যালু চেইনের রূপান্তর এবং গ্রাহক অভিজ্ঞতা উন্নয়নে ডাটা, পার্সোনালাইজেশন ও প্রযুক্তির ব্যবহার গুরুত্ব পায়।
এছাড়া অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফারিয়া ইয়াসমিন (বাটা বাংলাদেশ), এমএইচএম ফাইরোজ (সিঙ্গার বাংলাদেশ), দীপেশ নাগ (গ্রামীণ ডানোন ফুডস), ফাহিমা আখতার (বিজিএমইএ), শাহ রায়ীদ চৌধুরী (ইভিন্স গ্রুপ, বিজিএমইএ),সহ আরও অনেকে।
সম্মেলনের শেষভাগে অংশগ্রহণকারীরা জ্ঞানকে রিটেইল খাতের রূপান্তরের মূল চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন এবং আরও তথ্যনির্ভর, অভিযোজনক্ষম ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে টেকসই রিটেইল ইকোসিস্টেম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, এ আয়োজনে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ছিল বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), নলেজ পার্টনার হিসেবে মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ, অফিসিয়াল ক্যারিয়ার পার্টনার হিসেবে টার্কিশ এয়ারলাইন্স, হসপিটালিটি পার্টনার হিসেবে রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল এবং পিআর পার্টনার হিসেবে ব্যাকপেজ পিআর যুক্ত ছিল।