নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬ সকাল ০৯:৪৫:১৫
বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়াল
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রভাবে অস্থিতিশীল হয়ে উঠেছে বিশ্বের আর্থিক খাত ও জ্বালানি বাজার। ৩১ মার্চ মঙ্গলবার লেনদেনের শুরুতেই এশিয়ার প্রধান শেয়ারবাজারগুলোতে বড় ধরনের সূচক পতন লক্ষ্য করা গেছে। একই সঙ্গে যুদ্ধের উত্তাপে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে আবারও ১০০ ডলারের মাইলফলক ছাড়িয়ে গেছে।
মঙ্গলবার রাত ১০টায় দক্ষিণ কোরিয়ার শেয়ার বাজারে বড় ধস নামে। দেশটির প্রধান সূচক কোসপি ৩.৮২ শতাংশ বা ২০০ পয়েন্টের বেশি কমে ৫,০৭৫.৯২ পয়েন্টে নেমে আসে। বিনিয়োগকারীদের মধ্যে যুদ্ধ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ায় এই ধস নেমেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জাপানের বাজারেও নেতিবাচক প্রভাব পড়েছে। লেনদেনের এক পর্যায়ে জাপানের নিক্কেই সূচক ২.২৪ শতাংশ পড়ে যায়। পরবর্তীতে পরিস্থিতি কিছুটা সামলে নিলেও সূচকটি ০.৭৩ শতাংশ বা ৩৭৭ পয়েন্ট কমে ৫১,৫০৭.৯৯ পয়েন্টে অবস্থান করছিল। অন্যদিকে, চীনের বাজার কিছুটা স্থিতিশীল থাকলেও নিম্নমুখী প্রবণতা এড়াতে পারেনি। দেশটির এফটিএসই চায়না এ-৫০ সূচক সামান্য কমে ১৪,৫৭০ পয়েন্টে অবস্থান করছে।
এদিকে, যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম তেলের বাজারে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। মার্কিন তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট মঙ্গলবার সকালে ১.০৮ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৩.৯৯ ডলারে দাঁড়িয়েছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে এই প্রথম তেলের দাম ১০০ ডলারের ঘর অতিক্রম করল।
পাশাপাশি আন্তর্জাতিক বাজারে তেলের প্রধান মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুড-এর দামও রেকর্ড হারে বেড়েছে। মঙ্গলবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম ২.২৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ১০৯.৭৮ ডলারে পৌঁছেছে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে, ইরান ও পশ্চিমের এই সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক বাজারে তেলের সরবরাহ ব্যবস্থা আরও ঝুঁকির মুখে পড়তে পারে।
সূত্র: আল-জাজিরা