নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৭:৪০:৩১
ফের গ্রেপ্তার কণ্ঠশিল্পী নোবেল, তরুণীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ
ফের এক তরুণীকে নির্যাতনের অভিযোগে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা-পুলিশ। আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গত বছরের ১৩ আগস্ট এক তরুণী নোবেলের বিরুদ্ধে আদালতে একটি মামলা করেন। চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালত নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলার অন্য আসামিরা হলেন—নোবেলের স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, তাঁর মা নাজমা হোসেন এবং তাঁর সহকারী মুনেম শাহ সৌমিক।
অভিযোগ সূত্রে জানা গেছে, দুই পরিবারের সমঝোতার মাধ্যমে ওই তরুণীর সঙ্গে নোবেলের বাগদান সম্পন্ন হয়। তরুণী একদিন নোবেলের ডেমরার বাসায় দেখা করতে যান। এ সময় স্টুডিওতে আটকে রেখে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন নোবেল। সম্মতি না দিলে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং মোবাইল ফোনে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেন নোবেল। বিয়ের প্রলোভন দিয়ে তাঁর কাছ থেকে ১৩ লাখ টাকার বেশি আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ করা হয়েছে।
এর আগেও নোবেলের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ১৯ মে ডেমরা থানার একটি মামলায় ধর্ষণ ও মারধরের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে ওই মামলার বাদীকে কারাগারে বিয়ে করার পাঁচ দিন পর তিনি জামিন পান।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন বলেন, আদালত নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে প্রধান আসামি নোবেলকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।