নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪১:৪৭
শুভেচ্ছা সফরে চট্রগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর জাহাজ
পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে চীনা নৌবাহিনীর জাহাজ ‘থাং শান’, ‘দা ছিং’ এবং ‘থাই হু’। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জাহাজ তিনটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান।
এ সময় বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী ব্যান্ড পরিবেশনের মাধ্যমে সফরকারী জাহাজগুলোকে স্বাগত জানায়। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তাসহ চীনা নাগরিক এবং বাংলাদেশ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সফরকারী জাহাজসমূহ বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা ওমর ফারুক’ তাদের অভ্যর্থনা জানায়।
বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজগুলোর অধিনায়ক এবং বাংলাদেশে নিযুক্ত চীনের মিলিটারি অ্যাটাশেসহ একটি প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সফরকালে চীনা নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটি এবং চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করবেন। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও চীনা নৌবাহিনীর জাহাজ পরিদর্শনের সুযোগ পাবেন।
এ সফরের মাধ্যমে উভয় দেশের নৌসদস্যরা পারস্পরিক কার্যক্রম ও পেশাগত দক্ষতা সম্পর্কে সরাসরি পর্যবেক্ষণ এবং মতবিনিময়ের সুযোগ পাবেন। একই সঙ্গে পেশাগত বিষয়ে মতবিনিময়, ভবিষ্যৎ প্রশিক্ষণ এবং পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টির মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
শুভেচ্ছা সফর শেষে জাহাজসমূহ আগামী ২১ সেপ্টেম্বর বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।