জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:২৫:৪২
ইতালিতে পাঠানোর সময় নৌকা ডুবে ৮ বাংলাদেশির মৃত্যু, গ্রেপ্তার ২
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে নৌকা ডুবে আট বাংলাদেশির মৃত্যুর ঘটনায় মানবপাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গতকাল বুধবার সন্ধ্যায় মাদারীপুরের রাজৈর থানার টেকেরহাট বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে সিআইডির মানবপাচার ইউনিট। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাদারীপুরের রাজৈরের রফিকুল ইসলাম রফিক বাঘা (৫৪) ও গোপালগঞ্জের মুকসুদপুরের আমির হোসেন স্বপন (৩৮)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৯ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে কয়েকজন বাংলাদেশি নাগরিককে লিবিয়া থেকে সমুদ্রপথে ইতালি পাঠানোর চেষ্টা করা হয়। এ সময় তিউনিসিয়ার উপকূলে নৌকা ডুবে আট বাংলাদেশি মারা যান। পরে সরকারি ব্যবস্থাপনায় তাঁদের মরদেহ দেশে এনে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
সিআইডি জানায়, একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র ভুক্তভোগীদের বৈধভাবে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে তাঁদের পরিবারের কাছ থেকে বিপুল অর্থ নেয়। পরে অবৈধভাবে ইঞ্জিনচালিত ট্রলারে করে লিবিয়া থেকে ইতালি পাঠানোর চেষ্টা করা হলে তিউনিসিয়া উপকূলে ট্রলারটি ডুবে যায়।
সিআইডির তদন্তে আরও জানা গেছে, গ্রেপ্তার রফিকুল ও আমির নিহত ভুক্তভোগী রাসেল শেখের পরিবারের কাছ থেকে অর্থ সংগ্রহ এবং পাচারকারী চক্রের অন্য সদস্যদের কাছে তা পৌঁছে দেওয়ার পাশাপাশি বিদেশে পাঠানোর প্রক্রিয়ায় সহযোগিতা করেন।
সিআইডি জানিয়েছে, গ্রেপ্তার দুজনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। এ মামলায় এর আগে গুরুদাস বারই (৪৫) ও মো. মোতলেব মাতব্বর (৬৮) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।
মামলাটির তদন্ত চলছে। তদন্তে মানবপাচার চক্রের সঙ্গে জড়িত অন্য ব্যক্তি, পলাতক আসামি, দেশি-বিদেশি সহযোগী এবং সম্ভাব্য ভুক্তভোগীদের শনাক্তের চেষ্টা করছে সিআইডি।