নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৭:৪৪
জয়া আহসানের আবেগঘন পোস্ট
মহান স্বাধীনতা দিবস। বিশেষ এই দিনটি উপলক্ষে দেশের মানুষের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে সামাজিক মাধ্যমে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি ও ত্যাগকে গভীরভাবে স্মরণ করেন।
জয়া আহসান লিখেছেন, ‘১৯৭১ সালের এই দিনে এদেশের মানুষ পৃথিবীকে জানিয়ে দিয়েছিল, আজ থেকে আমরা স্বাধীন। পাকিস্তানি শাসকরা আমাদের নিরীহ মানুষের ওপর চাপিয়ে দিয়েছিল নৃশংস একটি গণহত্যা।’ জয়া আহসান আরও বলেন, ‘এই নয় মাসে কত না কঠিন আত্মত্যাগ, সাহসী লড়াই, অদম্য স্বপ্নের জয়যাত্রা। মুক্তিযুদ্ধকে, অগণিত শহীদদের, মুক্তিযোদ্ধাদের, সেদিনের স্বপ্ন দেখা এ দেশের কোটি মানুষকে অভিবাদন।’
তিনি উল্লেখ করেন, পাকিস্তানি শাসকদের নৃশংস গণহত্যার মুখেও বাঙালি জাতি মাথা নত করেনি; বরং নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জন করেছে স্বাধীনতা। এছাড়া জয়া আহসান তার লেখায় মুক্তিযুদ্ধের বীর শহীদ, মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার স্বপ্ন দেখা কোটি মানুষের প্রতি গভীর শ্রদ্ধা জানান।