নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৪৭:২৩
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩২৭
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩২৭ জন।
বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত এক দিনে ঢাকা বিভাগে পাঁচজন এবং ময়মনসিংহ ও বরিশাল বিভাগে একজন করে মোট সাতজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ১৭৭ জনের মৃত্যু হলো।
এর মধ্যে পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত হওয়া হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ৭৩ জন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৯৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে।
এ নিয়ে দেশে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৫৭০ জনে।
একই সময়ে গবেষণাগারে নিশ্চিত হওয়া হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১২৮ জন। এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৮৪০।
পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে এসেছেন ১ লাখ ৮৫ হাজার ৩৯০ জন।
একই সময়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ৭৭ হাজার ৬৯৮ জন।