নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২ আগস্ট ২০২৬ বিকাল ০৫:২১:৩৯
হামের উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর
গত ২৪ ঘণ্টায় বা একদিনে সারাদেশে হামের উপসর্গে আরও চারজন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে হাম ও এর উপসর্গ দেখা দিয়েছে আরও ১ হাজার ১৩৭ শিশুর শরীরে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭৪৭ শিশুর। আর নিশ্চিত হামে মারা গেছে ৯৭ জন। সবমিলিয়ে হাম ও এর উপসর্গে প্রাণ হারিয়েছে মোট ৮৪৪ শিশু।
রোববার (১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত শিশুর সংখ্যা ১১৫ জন এবং হামের উপসর্গ রয়েছে ১০২২ জনের শরীরে। এই সময়ে ৯৪৬ জন শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৮৬ জন।
স্বাস্থ্য অধিদফতর আরও বলছে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ ৩০ হাজার ৮৩ জন আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬ হাজার ২৯৫।
এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট এক লাখ ১২ হাজার ৬২০ রোগী, যাদের মধ্যে এক লাখ আট হাজার ২৮৩ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।