নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ মার্চ ২০২৬ রাত ১০:৫৬:২১
ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
ইরান থেকে ইসরায়েলের দিকে আবারো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
টেলিগ্রামে পোষ্ট করা এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, তারা এসব ক্ষেপণাস্ত্র ঠেকাতে কাজ করছে এবং সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠানো হয়েছে।
এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবিও খবর দিয়েছে যে, নতুন দফায় ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা রোবাবার ইরান থেকে ছোড়া চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২৫টি ড্রোন ভূপাতিত করেছে।
সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া একটি পোস্টে সংযুক্ত আরব আমিরাত জানায়, ‘ইরানের এই প্রকাশ্য আগ্রাসন শুরু হওয়ার পর’ থেকে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এ পর্যন্ত মোট ৩৪৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১,৭৭৩টি ড্রোন প্রতিহত করেছে।
এরআগে ইসরায়েলি সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি জানান, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ৪০০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। তবে তেহরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের ৯২ শতাংশই প্রতিহত করেছে ইসরায়েল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
তিনি বলেন, ‘ইরান ৪০০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে আমাদের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার হারও চমৎকার। আমাদের সফলতার হার প্রায় ৯২ শতাংশ।’
এদিকে শনিবার রাতে ইসরায়েলে পারমাণবিক স্থাপনার নিকটবর্তী দুটি শহরে- আরাদ ও দিমোনায় হামলা চালায় ইরান। এসব হামলায় অন্তত ১৬০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানি ব্যালিস্টিক মিসাইল হামলার ঘটনায় আরাদে ৮৪ জন এবং দিমোনায় আরও ৭৮ জন চিকিৎসাধীন রয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতি ইরানোর ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছিল, শনিবার ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে ওই হামলা চালানো হয়েছে।
সূত্র: বিবিসি, আলজাজিরা