মোঃ সিরাজুল ইসলাম, ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬ সকাল ১১:০৯:০২
ধামরাইয়ে প্রাইভেট কার ও মাটিবাহী ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২
ঢাকার ধামরাইয়ে প্রাইভেট কার ও মাটিবাহী ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার ভোর ৬টা ৩৫ মিনিটের দিকে দুর্ঘটনার খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে আহত দুজনকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে দ্রুত ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
আহতরা হলেন, জামালপুর সদর উপজেলার ইকবালনগর এলাকার মেহেদী হোসেন (৪০) ও ফিরোজ আলী (৩৫)।
প্রাথমিকভাবে জানা গেছে, জাহাঙ্গীরনগর থেকে জামালপুরগামী একটি প্রাইভেট কারের সঙ্গে মাটি বহনকারী ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রাইভেট কারটি ক্ষতিগ্রস্ত হয়।
ধামরাই ফায়ার সার্ভিস স্টেসন অফিসার মোঃ আল আমিন জানান দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ সম্পন্ন করে। এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।