নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৭ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৫১:৩৭
মার্কিন বিমান ধ্বংসের নতুন ভিডিও প্রকাশ
ইরানের ইস্পাহান প্রদেশে ভূপাতিত মার্কিন সি-১৩০ সাপোর্ট বিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ করেছে ইরানি পুলিশ (ফরাজা)। ইরানের দাবি, ভূপাতিত ওই কার্গো বিমানটির পাইলট ছিলেন একজন নারী।
সোমবার (৬ এপ্রিল) ইরানের তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ইরানি পুলিশের বিশেষ বাহিনী জানিয়েছে, গতকাল সোমবার দক্ষিণ ইস্পাহান অঞ্চলে অনুপ্রবেশকারী মার্কিন বাহিনীর একটি সাপোর্ট বিমান তাদের গোলার আঘাতে ধ্বংস হয়। স্থানীয় সূত্রগুলো আগেই বিমানটি বিধ্বস্ত হওয়ার খবর দিয়েছিল। ফরাজা সেই অভিযানের নতুন চিত্র ও বিমান থেকে উদ্ধারকৃত সরঞ্জামাদির ভিডিও গণমাধ্যমে প্রকাশ করে।
ভিডিওতে দেখা যায়, বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষের পাশাপাশি পাইলটের ব্যবহৃত ব্যক্তিগত নথি, পরিচয়পত্র ও কিছু সামরিক সরঞ্জাম ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রকাশিত নথিপত্র বিশ্লেষণ করে ইরান দাবি করছে, বিমানটি পরিচালনার দায়িত্বে ছিলেন একজন মার্কিন নারী পাইলট। তবে ওই পাইলট বর্তমানে জীবিত না কি নিহত- সে বিষয়ে ফরাজা স্পষ্ট করে কিছু জানায়নি।
বিশ্লেষকরা মনে করছেন, এই ভিডিও প্রকাশের মাধ্যমে ইরান তাদের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশের বিশেষ বাহিনীর সক্ষমতা ও প্রস্তুতির প্রমাণ দিতে চাইছে।
যদিও ওয়াশিংটনের পক্ষ থেকে এখন পর্যন্ত এই ভিডিও বা নারী পাইলটের নিখোঁজ হওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।